ডাকসুর সাবেক ভিপি ও শিক্ষাবিদ মাহফুজা খানম আর নেই
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও শিক্ষাবিদ মাহফুজা খানম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে হঠাৎ অসুস্থ বোধ করায় রাজধানীর পান্থপথে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাহফুজা খানম সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের স্ত্রী। মাহফুজা-শফিক দম্পতির দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে ও মেয়ে চিকিৎসক। ছোট ছেলে মাহবুব শফিক আইনজীবী।
শফিক আহমেদের সহযোগী আইনজীবী সিফাত মাহমুদ সংবাদমাধ্যমকে জানান, সকালে মাহফুজা খানম অসুস্থ বোধ করছিলেন। তখন বাসা থেকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাহফুজা খানম ১৯৬৬-৬৭ ডাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়নের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ভিপি নির্বাচিত হয়েছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ১৯৬৬ সালে স্নাতক ও পরের বছর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৬৮ সালে লন্ডনের সাসেক্স বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পেলেও রাজনৈতিক কারণে তখন তাকে পাসপোর্ট দেয়নি পাকিস্তান সরকার।
মাহফুজা খানম বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেছেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ছিলেন ।
মাহফুজা বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিতে সাধারণ সম্পাদক এবং জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর আসরের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন।
শিক্ষায় বিশেষ অবদান রাখায় ২০২১ সালে একুশে পদক পান অধ্যাপক মাহফুজা খানম।
##