দখলবাজি, চাঁদাবাজি বন্ধ করে কেশবপুরের উন্নয়নে কাজ করতে চাই: শ্রাবণ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বলেছেন, সুযোগ পেলে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। কেশবপুর থেকে সকল চাঁদাবাজি বন্ধ করা হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। এ দফা বাস্তবায়িত হলে দেশের প্রায় ৫০ লাখ মহিলার কর্মসংস্থান হবে। দেশের মানুষ স্বনির্ভর হবে। সকলে নিজের পায়ে দাঁড়াতে পারবে। এটা বাস্তবায়ন করতে হলে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।
আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেশবপুরে তিনি এক পথসভায় বলেন, আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল যাকেই মনোনয়ন দিবেন তাকে ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ দীর্ঘ সময় পর শনিবার সন্ধ্যায় কেশবপুরে প্রথম এসেছেন। শহরের ত্রিমোহিনী মোড় চত্বরে তার আগমন উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে এক পথসভার আয়োজন করা হয়। পথসভায় সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক কাউন্সিলর মশিয়ার রহমান। বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামছুল আলম বুলবুল, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল হালিম অটল, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর কবির মিন্টু, পৌর সেচ্ছাসেবকদলের আহবায়ক জাহাঙ্গীর আলম পলাশ প্রমুখ।
এর পূর্বে বিকেল ৫ টায় একটি খোলা গাড়িতে দাঁড়িয়ে প্রায় আড়াই হাজার মোটর সাইকেল ও দুই শতাধিক প্রাইভেট মাইক্রোর শোভাযাত্রার মাধ্যমে তিনি যশোর থেকে কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আবুবক্কর আবুর গ্রামের বাড়িতে যান এবং তার কবর জিয়ারত করেন।
পথসভা শেষে কাজী রওনকুল ইসলাম শ্রাবণ তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে কেশবপুর পৌর শহরে লিফলেট বিতরণ করেন। বিএনপি নেতা শ্রাবণের বাড়ি কেশবপুর উপজেলার চিংড়া গ্রামে। তিনি দীর্ঘ ১৭ বছর পর এই প্রথম কেশবপুরে আগমন করেন। তাঁর আগমন উপলক্ষে কেশবপুর উপজেলার তরুণ ও যুব সমাজের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
##