তালায় সুপারী বাগানে মিলল বৃদ্ধের মরদেহ

সাতক্ষীরার তালায় সুপারী বাগান থেকে বৈদ্য নাথ (৮০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সুজনসাহা বাজার এলাকা সংলগ্ন একটি নির্জন বাগানে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় এলাকাবাসি। প্রবীন পাট ব্যবসায়ী সুজনসাহা এলাকার বাসিন্দা। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে তালা সার্কেল এএসপি, তালা থানার  ওসি, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রতিবেশী মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাতে বৈদ্য নাথ ভাত খেয়ে কোনো এক সময় বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে তার মরদেহ সুপারি বাগানে পড়ে থাকতে দেখা যায়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দিন বলেন,  ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
##