রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা -জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হবে কবে ?

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে উপস্থিত রয়েছেন ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিএনপিসহ বিভিন্ন দলের নেতারা বৈঠকে যোগ দিয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়েছে।

এর আগে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে সামনে রেখে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিশন প্রধান ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। এর আগে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠকে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ‍্যসচিব এম সিরাজ উদ্দিন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন।

ছয়টি সংস্কার কমিশনের ৮৪টি সংস্কার প্রস্তাবের ওপর ভিত্তি করে জুলাই জাতীয় সনদ তৈরি হচ্ছে। আগামী শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ সনদ সই অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার রাতে সনদের চূড়ান্ত অনুলিপি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে।

তবে সনদ কীভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে দলগুলোর মধ্যে এখনো ঐকমত্য হয়নি। সনদ বাস্তবায়নে গণভোট করার বিষয়ে দলগুলো একমত হলেও ভোটের দিন ও পদ্ধতি নিয়ে সুরাহা হয়নি।

কিছু দল সনদে সই করার আগে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে নিশ্চয়তা চায়। অন্যদিকে, বিএনপি চায় সংসদ নির্বাচনের ভোটের দিন পৃথক ব্যালটে গণভোট হোক। তবে জামায়াতের দাবি, সংসদ নির্বাচনের আগেই গণভোট করতে হবে।

##