ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে: প্রধান উপদেষ্টা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনূভূত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি পাঁচ তলা ভবনের ছাদের রেলিং ধসে তিন পথচারী নিহত হয়েছেন। মরদেহগুলো উদ্ধার করে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার সকালে বংশালের কসাইটুলিতে এ ঘটনা ঘটে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার ঘটনায় জনমনের উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার অবগত। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট সব দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টার বার্তা গণমাধ্যমে পাঠায় প্রেস উইং। সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে তাৎক্ষণিকভাবে যেসব ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে সেগুলোতে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত সাড়া দিচ্ছেন। কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে।

প্রয়োজনে হটলাইনসহ সরকারি চ্যানেলে পরবর্তী দিকনির্দেশনা জানানো হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এটি একটি মাঝারি শ্রেণির ভূমিকম্প।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের স্থায়ীত্ব ছিল ২৬ সেকেন্ড।

আবহাও অধিদপ্তর বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদী জেলা শহর থেকে ১৪ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে, ২৩ দশমিক ৮৯ উত্তর অক্ষাংশ ও ৯০ দশমিক ৫৭ পূর্ব দ্রাঘিমাংশের উপরে এবং ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদীর ঘোড়াশাল।

ভূমিকম্পের পর রাজধানীর বিভিন্ন একালার মানুষ আতঙ্কিত হয়ে সড়কে নেমে আসেন। রাজধানীর পাশাপাশি চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, মৌলভীবাজার থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

সমকালের নারায়ণগঞ্জের আড়াইহাজার প্রতিনিধি জানান, সকাল ১০টা ৩৮ মিনিটে ভূকম্পন শুরু হয়ে তা কয়েক সেকেন্ড স্থায়ী হয়। এসময় আতঙ্কিত হয়ে মানুষজন ছুটাছুটি করতে থাকে। ঘর থেকে বেড়িয়ে রাস্তায় নেমে পড়ে।

আড়াইহাজারের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, হঠাৎ জানালার পাশে এসে দেখি, পুকুরের পানিতে প্রচুর ঢেউ হচ্ছে। তখন দ্রুত নিরাপদ স্থানে চলে আসি। বাইরে এসে দেখি, আতঙ্কিত মানুষ ঘর থেকে রাস্তায় বেড়িয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন এলাকায়ও ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে বিভিন্ন স্থানে খোঁজখবর নেওয়া হচ্ছে।

পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।

##