সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ রোববার যশোর ঈদগাহ ময়দানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ২০ হাজার মানুষ অংশ নেন। জেলা বিএনপি এই মাহফিলের আয়োজন করলেও মোনাজাতে অংশ নেন জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস ও অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জেলার শীর্ষ আলেমরাও আসেন মোনাজাতে অংশ নিতে। দেশের সংকটময় মুহূর্তে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় ছিল সবার মুখে মুখে।
আসর বাদ ঈদগাহ মাঠে ছিল দোয়ার আয়োজন। কিন্তু বিকেল চারটা থেকেই সর্বদলীয় মানুষের ঢল নামে। একপর্যায়ে হাজার হাজার মানুষ সেখানে আসরে নামাজ আদায় করেন। নামাজের পর শুরু হয় দোয়া মাহফিল। সৃষ্টিকর্তার কাছে কান্নাজড়িত কণ্ঠে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন তারা।
বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং মানুষের বাক স্বাধীনতার জন্য দীর্ঘ লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। এই সংগ্রামে আপসহীনতা দেখিয়েছেন তিনি। সে কারণে তিনি দলের ঊর্ধ্বে ওঠে সমগ্র জাতির অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছেন। তাই দলবল নির্বিশেষে তাঁর প্রতি সাধারণ মানুষ এতো ভালোবাসা দেখিয়েছেন।’
দোয়া পরিচালনা করেন জেলা ইমাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি মুফতি আব্দুল মান্নান। এছাড়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসূল, এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী নূরুজ্জামান, জাতীয় পার্টির সদস্যসচিব মুফতি ফিরোজ শাহ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) জেলা সভাপতি নিজামুদ্দিন অমিত, যশোর সরকারি এম এম কলেজের শিক্ষক অধ্যাপক আব্দুল কাদের, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর জেলা শাখার সাবেক সভাপতি আবু আহসান লাল্টু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, ওয়ালামা মাশায়েখ, ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।
##





