সংসদ নির্বাচনে পার্শ্ববর্তী উপজেলা থেকে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের নির্দেশনা ইসির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পার্শ্ববর্তী উপজেলা থেকে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সকল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত পত্র দেওয়া হয়।
এতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্ধারিত নীতিমালা অনুযায়ী ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল ১৮ ডিসেম্বর তারিখে চূড়ান্ত করার জন্য ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। নীতিমালার আলোকে ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল চূড়ান্ত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তার সংকুলান না হলে পার্শ্ববর্তী বা নিকটবর্তী উপজেলা (স্ব স্ব জেলাধীন) থেকে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের জন্য নির্বাচন কমিশন অনুমতি প্রদান করেছেন।
এতে আরও বলা হয়, উল্লেখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সংসদ ও গণভোট হবে আগামী ১২ ফেব্রুয়ারি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন গত ১১ ডিসেম্বর ভোটের তারিখ দিয়ে তপশিল ঘোষণা করেন।
##