তারেক রহমানের সঙ্গে জাকসু ও গকসু ভিপিসহ ছাত্র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সাবেক ভিপি আবদুর রশিদ জিতু এবং গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) ভিপি ইয়াছিন আল মৃদুল দেওয়ান।

শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তাদের সঙ্গে বিভিন্ন হল সংসদের নির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ছাত্র নেতৃবৃন্দ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান পরিবেশ নিয়ে তারেক রহমানের সাথে মতবিনিময় করেন। তারা আগামী দিনে ছাত্র রাজনীতিকে আরও জনকল্যাণমুখী ও মেধাভিত্তিক করার বিষয়ে আলোকপাত করেন।

তারেক রহমান ছাত্র নেতৃবৃন্দের উদ্দেশে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রসমাজের ভূমিকা অনস্বীকার্য। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সব সময় পাশে থাকার জন্য তিনি তাদের আহ্বান জানান।

সাক্ষাৎ শেষে ছাত্র নেতৃবৃন্দ জানান, দেশনায়ক তারেক রহমানের দিক-নির্দেশনা নিয়ে তারা আগামীতে সুস্থ ও সমৃদ্ধ ছাত্র রাজনীতি গড়ে তুলতে বদ্ধপরিকর। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

##