জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই: জ্বালানী মন্ত্রী
জ্বালানি তেল নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ শনিবার (৭ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে কিছুটা অনিশ্চয়তা দেখা দিলেও দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে এবং আগামী ৯ মার্চ জ্বালানি তেলবাহী আরও দুটি জাহাজ (ভেসেল) দেশে এসে পৌঁছাবে। ফলে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই।
মন্ত্রী আরও উল্লেখ করেন, রেশনিংয়ের খবর শুনে আতঙ্কিত হয়ে অনেকে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ ও মজুত করছেন, যা বাজারে কৃত্রিম প্যানিক সৃষ্টি করছে। এই ধরনের অহেতুক আতঙ্ক ছড়ানো থেকে বিরত থাকতে তিনি সবার প্রতি আহ্বান জানান। এছাড়া তেলের বাজারে যেকোনো ধরনের কারসাজি রোধে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামীকাল রোববার (৮ মার্চ) থেকে দেশব্যাপী ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) বিশেষ অভিযান শুরু হবে বলেও তিনি নিশ্চিত করেন।
সরকার বিকল্প বিভিন্ন উৎস থেকে জ্বালানি তেল সংগ্রহের জন্য নিয়মিত কাজ করে যাচ্ছে জানিয়ে মন্ত্রী জনগণকে আশ্বস্ত করে বলেন, তেলের জন্য পাম্পগুলোতে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই। পরিস্থিতি পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং জনগণের চাহিদা অনুযায়ী নিয়মিত সরবরাহ অব্যাহত থাকবে।