শিক্ষার্থীদের স্কুলে ভর্তিতে আর লটারি ব্যবস্থা থাকছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা দুটি বাতিল করা হয়েছে। ২০২৫ খ্রিষ্টাব্দের ১৩ নভেম্বরের এবং ২০২৫ খ্রিষ্টাব্দের ১৯ নভেম্বর এই নীতিমালা দুইটি জারি করা হয়েছিলো। লটারি পদ্দতি বাতিলের কারণে নীতিমালাও বাতিল করা হয়।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বর্তমানে সারা দেশে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামী ২০২৭ খ্রিষ্টাব্দ থেকে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া বাতিল করে অংশীজনদের মতামতের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম গ্রহণ করা হবে।
এমন পরিস্থিতিতে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২০২৫ খ্রিষ্টাব্দের ১৩ নভেম্বরের এবং ২০২৫ খ্রিষ্টাব্দের ১৯ নভেম্বর জারিকৃত সরকারি, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা দুটি বাতিল করা হলো।