ঢাবি’র নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম

ঢাবি’র নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম-এঁর যোগদান।। ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন থেকে বিরত থাকার অনুরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এঁর অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১১ (২) ধারা অনুযায়ী গতকাল ১৬ মার্চ ২০২৬ সোমবার অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

নিয়োগ লাভের পর আজ ১৭ মার্চ ২০২৬ মঙ্গলবার অপরাহ্নে অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেছেন। এর আগে সদ্য-সাবেক উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আনুষ্ঠানিকভাবে নব-নিযুক্ত উপাচার্যের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নব-নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য  এমিরিটাস অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দারসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।

যোগদানের পর অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে নব-নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে সম্মানজনক পর্যায়ে উন্নীত করা এবং বিশ্ব পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়কে আরও পরিচিত করাই হবে প্রথম কাজ। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব। ক্যাম্পাসে শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।