সব শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ মাউশির, সময়সীমা ৪ জুন
দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং স্কুল অ্যান্ড কলেজকে নিজস্ব ওয়েবসাইট তৈরি ও নিয়মিত তথ্য হালনাগাদ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই সঙ্গে মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলোকে আগামী ৪ জুনের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন করে নির্ধারিত গুগল ফরমে তথ্য জমা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) মাউশির মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, জাতীয় তথ্য বাতায়নের আওতায় মাউশির আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা অফিস এবং সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট থাকলেও সেখানে নিয়মিত প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করা হচ্ছে না। একইভাবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও ওয়েবসাইট তৈরি ও আপডেটের বিষয়ে পূর্বের নির্দেশনা থাকলেও তা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না।
এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, সব সরকারি দপ্তরের ওয়েবসাইটে কর্মরত কর্মকর্তাদের নাম, পদবি, মোবাইল ও টেলিফোন নম্বর এবং ইমেইল ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য নিয়মিতভাবে আপডেট ও দৃশ্যমান রাখা বাধ্যতামূলক।
কিন্তু মাঠপর্যায়ে অনেক প্রতিষ্ঠান ও অফিস এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করছে না বলে আদেশে উল্লেখ করা হয়েছে, যা প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত।
এ অবস্থায় আগামী ৪ জুনের মধ্যে মাউশির আওতাধীন সব আঞ্চলিক, জেলা ও উপজেলা শিক্ষা অফিসসহ সরকারি ও বেসরকারি স্কুল–কলেজগুলোকে নিজস্ব ওয়েবসাইট তৈরি বা আপডেট কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। কাজ শেষ হলে নির্ধারিত গুগল ফরম (https://forms.gle/RbTAqoNqi3FVdg5u7)–এ তথ্য জমা দিতে বলা হয়েছে।
##