শনিবার থেকে লম্বা ছুটিতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদুল আজহার ছুটি শনিবার (২৩ মে) থেকে শুরু হচ্ছে। ছুটি চলবে আগামী ৬ জুন পর্যন্ত।

শুক্রবার (২২ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

পূর্বঘোষণা অনুযায়ী, আগামীকাল খোলা রাখার কথা ছিল। তবে শুক্রবার (২২ মে) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এক খুদেবার্তায় জানানো হয়, শনিবার (২৩ মে) থেকে ৬ জুন (শনিবার) পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে। পরদিন ৭ জুন থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা থাকবে।

সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের ছুটি চলবে আগামী ৪ জুন পর্যন্ত। পরে দুদিন (৫-৬ জুন) সাপ্তাহিক ছুটি থাকায় এসব প্রতিষ্ঠানে ৭ জুন থেকে শ্রেণিকক্ষের কার্যক্রম পুনরায় শুরু হবে।

##