প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক্ষাৎ, যেকোনো মুহূর্তে নতুন কমিটি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘বিদায়ী’ সাক্ষাৎ করেছেন সংগঠনটির কেন্দ্রীয় শীর্ষ পাঁচ নেতা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই ‘বিদায়ী’ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেখানে আনুষ্ঠানিকভাবে রাকিব-নাছির কমিটি বিদায় নিয়েছে বলে জানা গেছে। ফলে যেকোনো মুহূর্তে নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে সরকারি দল বিএনপির প্রধান এই সহযোগী সংগঠনটি।

সাক্ষাৎকাল উপস্থিত দুইজন বিষয়টি তারা বলছেন, ছাত্রদলের বর্তমান কমিটির বিদায় দিতে এই আয়োজন ছিল। এরপর মূলত নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হলো। ফলে যেকোনো সময় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হতে পারে বলে মত তাদের।

এদিকে, রাতে নতুন কমিটিকে সবাই সাদরে গ্রহণ করার প্রত্যাশা জানিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব তার নিজের ফেসবুকের আইডিতে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ! মহান রাব্বুল আলামিনের নিকট লাখো কোটি শোকরিয়া,অনেক বেশি সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে।

তিনি আরও লেখেন, একটা নতুন জীবন শুরু করতে চাই। নিজেকে আরও বেশি পরিশুদ্ধ,মানবিক ও সৎ মানুষ হিসেবে গড়তে চাই। ভুল ত্রুটির উর্ধ্বে কেও না, সেহেতু দীর্ঘ সময় দায়িত্ব পালনকালীন সময়ে আমারও ভুল ত্রুটি রয়েছে, কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। ছাত্রদলের আসন্ন নতুন কমিটিকে সবাই সাদরে গ্রহণ করবেন, সেই প্রত্যাশা রইল।

২০২৪ সালের ১ মার্চ মো. রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। পরে একই বছরের ১৫ জুন ৩৯ জন সহ-সভাপতি ও ১১১ জন যুগ্ম সাধারণ সম্পাদকসহ মোট ২৬০ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। রাকিব-নাছির কমিটি দুই বছরের মেয়াদ চলতি বছরের মার্চ মাসে শেষ হওয়ায় নতুন নেতৃত্ব গঠন নিয়ে সংগঠনের ভেতরে ও বাইরে চলছিল তীব্র আলোচনা।

শীর্ষ পদে আলোচনায় যারা
সূত্রে জানা গেছে, বিগত আন্দোলন-সংগ্রামে মাঠের ভূমিকা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তিকে এবার ছাত্রদলের নেতৃত্বের মূল মাপকাঠি নির্ধারণ করা হয়েছে। যারা রাজপথে সক্রিয় ছিলেন এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে গ্রহণযোগ্যতা রয়েছে, তারাই নেতৃত্বে এগিয়ে থাকবেন।

খোঁজ নিয়ে জানা যায়, ছাত্রদলের নতুন কমিটি গঠনকে সামনে রেখে সংগঠনের শীর্ষ নেতৃত্বে আসতে আলোচনায় রয়েছেন অন্তত ডজন দেড়েক সম্ভাব্য পদপ্রত্যাশী।

তাদের মধ্যে খোরশেদ আলম সোহেল, মো. আমানউল্লাহ আমান, মঞ্জুরুল আলম রিয়াদ, মোস্তাফিজুর রহমান (ভিপি), এইচ এম আবু জাফর, আরিফুল ইসলাম আরিফ (সহ-সভাপতি), মমিনুল ইসলাম জিসান, এজাজুল কবির রুয়েল, শরীফ প্রধান শুভ ও মাছুম বিল্লাহ আলোচনায় রয়েছেন।

শীর্ষ নেতৃত্বে আসতে আরও আলোচনায় রয়েছেন গণেশ চন্দ্র রায় সাহস, আনিসুর রহমান খন্দকার অনিক, তরিকুল ইসলাম তারিক, মো. আসাদুজ্জামান রিংকু, নাহিদুজ্জামান শিপন, নাছির উদ্দীন শাওন, মো. রাজু আহামেদ, গাজী মো. সাদ্দাম হোসেন, মোহাম্মদ আব্দুর রহিম রনি, তারেক হাসান মামুন, মিনহাজ আহমেদ প্রিন্স, মাহমুদ ইসলাম কাজল ও দ্বীন ইসলাম খান অন্যতম।

  • এমএম/এসজাবা