পাটকেলঘাটায় জামায়াতপন্থী শ্রমিক সংগঠনের ৫০ সদস্যের শ্রমিক দলে যোগদান

সাতক্ষীরার পাটকেলঘাটায় জামায়াতে ইসলামী সমর্থিত শ্রমিক সংগঠন শ্রমিক ফেডারেশনের ৫০ জন শ্রমিক বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলে (বিএনপির শ্রমিক সংগঠন) যোগদান করেছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) পাটকেলঘাটায় আয়োজিত এক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সঙ্গে সম্পৃক্ত হন।

যোগদানকারীদের মধ্যে শ্রমিক ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি শেখ মোহাম্মদ হাবিবুর ইসলাম এবং সেক্রেটারি হারুনসহ সংগঠনের মোট ৫০ জন শ্রমিক রয়েছেন বলে জানা গেছে।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক দলের সদস্য সচিব মিলন, পাটকেলঘাটা থানা ছাত্রদলের সভাপতি শেখ রিজভী আহমেদ, পাটকেলঘাটা বাজারের ব্যবসায়ী ও বিএনপি নেতা মোহাম্মদ মকবুল হোসেন, ছাত্রদল নেতা শিমুল, যুবদল নেতা শফিকুল ইসলাম এবং পাটকেলঘাটা হারুনুর রশিদ কলেজ ছাত্রদলের সভাপতি।

অনুষ্ঠানে নতুন যোগদানকারী শ্রমিকদের স্বাগত জানিয়ে বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক আন্দোলন এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় স্থানীয় বিএনপি, শ্রমিক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।