সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী
চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর প্রশিক্ষণকালে দুর্ঘটনায় মারাত্মক আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩টায় চিকিৎসাধীন সেনাকর্মকর্তার খোঁজখবর নিতে হাসপাতালে পৌঁছান তিনি।
এর আগে, গত বুধবার (৯ সেপ্টেম্বর) হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক এ দুর্ঘটনা ঘটে। এতে ক্যাপ্টেন মহিউদ্দিন মারাত্মক আহত হন এবং ঘটনাস্থলেই দুই সেনাসদস্য প্রাণ হারান। দুর্ঘটনার পর আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে উদ্ধার করে জরুরি প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার স্বার্থে হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়।
নিহত দুই সেনাসদস্য হলেন—রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বাসিন্দা তাসনিম রিফাত এবং নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের আবু বকর সিদ্দিক পিয়াস।
এদিকে, ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংকের ফায়ারিং চলার সময় দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে ইতোমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।