মহাসড়কের পাশে কার্টনে মিলল ৬ টুকরো মরদেহ

ফরিদপুরে তিনটি কার্টনে রাখা অজ্ঞাত এক ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স ৪৫ থেকে ৫০ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার মধুখালী উপজেলার বোয়ালিয়া এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধুখালীর রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় রাস্তার পাশে তিনটি কার্টন পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে কার্টনগুলো থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে মধুখালী থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কার্টনগুলো উদ্ধার করে। পরে সেগুলো খুলে এক ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত নিহতের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কার্টনবন্দি অবস্থায় অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে।

তিনি আরো বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উন্মোচন ও আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।