তালায় নকল ও ভেজাল সার-কীটনাশক উৎপাদন: ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরার তালা উপজেলার লাউতাড়া গ্রামে নকল ও ভেজাল সার-কীটনাশক উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে মশিয়ার রহমান নামে এক অসাধু ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) তালা উপজেলার ৫নং তেঁতুলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লাউতাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করে RAB সাতক্ষীরা।
অভিযানকালে বিপুল পরিমাণ নকল ও ভেজাল সার, কীটনাশকসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। অভিযানে জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা বলে জানা গেছে।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দ করা ভেজাল মালামাল ধ্বংস করার আদেশ দেওয়া হয়।
কৃষি উৎপাদন ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নকল ও ভেজাল কৃষি উপকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।