বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

আন্তর্জাতিক বিভিন্ন কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে সাফল্য অর্জনকারী বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কৃতী হাফেজদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে সম্মান বয়ে আনা কুরআন হাফেজদের অভিনন্দন জানান এবং তাদের সাফল্যের প্রশংসা করেন। তিনি তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম তুলে ধরায় তাদের প্রতি শুভেচ্ছা জানান।

এ সময় বিশ্বজয়ী হাফেজরা তাদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা ও অনুভূতি প্রধানমন্ত্রীর সঙ্গে বিনিময় করেন।

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজদের ধারাবাহিক সাফল্য দেশের জন্য সম্মান বয়ে আনছে। বিভিন্ন আন্তর্জাতিক আসরে তারা শীর্ষস্থানসহ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে বিশ্বদরবারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।