বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি
আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন আয়োজনের প্রস্তাব করা হয়েছে। এটি হবে বর্তমান সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হতে পারে। প্রস্তাবিত কর্মসূচি অনুযায়ী, সম্মেলনের উদ্বোধন ৩১ জানুয়ারি সকাল ১০টায় করার কথা রয়েছে। তবে প্রধানমন্ত্রীর সুবিধাজনক তারিখ ও সময় অনুযায়ী উদ্বোধনের সময়সূচি পরিবর্তন করা যেতে পারে। মন্ত্রিপরিষদ
বিভাগের মাঠ প্রশাসন শাখা থেকে প্রধানমন্ত্রীর জন্য তৈরি করা এক সারসংক্ষেপে এসব প্রস্তাব করা হয়েছে।
এবারের ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান জানতে চাইবেন গত জেলা প্রশাসক সম্মেলনের অগ্রগতি। ডিসি সম্মেলনে মূল এজেন্ডায় থাকবে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি।
সারসংক্ষেপে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিবছর জেলা প্রশাসক সম্মেলনের আয়োজন করে থাকে। সর্বশেষ গত ৩ থেকে ৬ মে জেলা প্রশাসক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনের প্রধান উদ্দেশ্য হলো কমিশনার ও জেলা প্রশাসকদের মাঠপর্যায়ে সরকারের নীতি-নির্ধারণী বিষয়, উন্নয়ন কর্মসূচি এবং অন্যান্য অগ্রাধিকারমূলক বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা গ্রহণ করা। পাশাপাশি তাদের কাছ থেকে প্রেরিত জনস্বার্থ-সংশ্লিষ্ট প্রস্তাব নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সম্মেলনে দেশের ৬৪ জেলার উন্নয়ন কার্যক্রমের সমন্বয়, সরকারি কর্মসূচি ও উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীলতা, ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, গ্রামীণ অবকাঠামো নির্মাণ ও সংস্কার, দারিদ্র্য বিমোচন, কৃষি উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নসহ মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে।
এ ছাড়া সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নসহ মাঠ প্রশাসনের কার্যক্রমের বিভিন্ন দিকও সম্মেলনে আলোচনায় আসে। জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের দায়িত্ব পালনের ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়, সেসব বিষয়েও সম্মেলনে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা পর্যায়ের কর্মকর্তারা এসব বিষয়ে সরাসরি দিকনির্দেশনা দিয়ে থাকেন।
সারসংক্ষেপে উল্লেখ করা হয়, ২০২৬ সালের জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ সচিবালয়ের সংলগ্ন ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছিল। চার দিনব্যাপী ওই সম্মেলনে রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার এবং বাংলাদেশের প্রধান বিচারপতি দিকনির্দেশনামূলক ও শুভেচ্ছা বক্তব্য দেন।
প্রস্তাবিত ২০২৭ সালের সম্মেলনেও রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতির শুভেচ্ছা বক্তব্য রাখার পাশাপাশি কমিশনার ও জেলা প্রশাসকদের উত্থাপিত প্রস্তাব নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ফলপ্রসূ আলোচনা এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণের জন্য চার দিনব্যাপী একটি কর্মসূচি প্রণয়নের প্রস্তাব করা হয়েছে।
ঐতিহ্য অনুযায়ী প্রধানমন্ত্রী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করে থাকেন। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ও অন্যান্য অধিবেশন ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজনের প্রস্তাব করা হয়েছে।
- এমএম/এসজাবা