সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

একই সঙ্গে অনুমোদিত প্রতিষ্ঠানগুলো নিয়ম মেনে সেবা না দিলে সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, বিগত সরকারের সময়ে ব্যাপক হারে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমান সরকার এ ধরনের অনুমোদন দেওয়ার প্রক্রিয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি যেসব প্রতিষ্ঠান ইতোমধ্যে অনুমোদন পেয়েছে, সেগুলোও যথাযথ নিয়ম ও মান বজায় রেখে পরিচালিত হচ্ছে কি না, তা দেখা হবে। অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সক্ষমতা বাড়াতে আগামী অক্টোবর থেকে উন্নয়নকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। ৫০ শয্যার এ হাসপাতালকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে।

এ ছাড়া আগামী দুই বছরের মধ্যে হাসপাতালে একসঙ্গে ১০ জন রোগীর ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে। একই সময়ের মধ্যে আধুনিক প্যাথলজি ল্যাব স্থাপনের পাশাপাশি পুরুষ ও নারীদের জন্য পৃথক ফিজিওথেরাপি সেন্টার চালুর পরিকল্পনাও রয়েছে।

  • এমএম/এসজাবা