১৩ ঘোড়া জবাই, মাংস যাচ্ছিলো ঢাকার হোটেল-রেস্তোরাঁয়, ৯ জন কারাগারে

ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাতের পর ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার হোটেল-রেস্তোরাঁয় সরবরাহের অভিযোগে মানিকগঞ্জে ৯ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে একটি পরিত্যক্ত কারখানা থেকে ১৩টি জবাই করা ঘোড়া ও একটি জীবিত ঘোড়া উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর পাট গবেষণা এলাকায় পরিত্যক্ত হাসান অ্যান্ড ব্রাদার্সের একটি কারখানায় অভিযান চালানো হয়। সদর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুনের নেতৃত্বে অভিযানে জবাই করা অবস্থায় ১৩টি ঘোড়া পাওয়া যায়।এ সময় ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করা হয়।

 পরে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন,   ২০১১-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে আইনের ২৪   ধারায় তাদের সাজা দেওয়া হয়। এর মধ্যে   একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং৷   অপর আটজনকে ছয় মাস করে বিনাশ্রম   কারাদণ্ড৷  দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের     বিচারক রিক্তা খাতুন জানান, জিজ্ঞাসাবাদে আটক   ব্যক্তিরা বিভিন্ন সময় ঘোড়া জবাই করে ঢাকার   বিভিন্ন এলাকার হোটেল-রেস্তোরাঁয় মাংস   সরবরাহের কথা স্বীকার করেছেন। সিংগাইর৷   উপজেলার হিরু নামের এক ব্যক্তি তাদের ভাড়া   করে ঘোড়া জবাই ও মাংস প্রক্রিয়াজাতের কাজ   করাতেন বলেও তারা জানিয়েছেন।

 বিচারক বলেন, জবাই করা ১৩টি ঘোড়ার   প্রক্রিয়াজাত মাংস ঢাকাসহ আশপাশের বিভিন্ন   এলাকার হোটেল-রেস্তোরাঁয় সরবরাহের পরিকল্পনা   ছিল।

 অভিযানে সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা   ডা.  মো. মনির হোসেন ও পুলিশের সদস্যরা   উপস্থিত ছিলেন।

  • এমএম/এসজাবা