বাংলাদেশ-রাশিয়ার নতুন এক সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে চলমান দ্বাদশ সেইন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইউনাইটেড কালচারস ফোরামে 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যে এ সমঝোতা স্মারক সই হয়।

বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সমঝোতার আওতায় সাংস্কৃতিক বিনিময়, ঐতিহ্য সংরক্ষণ, জাদুঘর, প্রত্নতত্ত্ব, শিল্প-সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে দুদেশের সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সমঝোতার মধ্য দিয়ে বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। পাশাপাশি দুদেশের সাংস্কৃতিক যোগাযোগ ও সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে।

এর আগে মিয়ানমারের ধর্ম ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ইউ টিন উ লুইন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বৌদ্ধ ঐতিহ্য, অভিন্ন ঐতিহাসিক বৈশিষ্ট্য ও সাংস্কৃতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

ফোরামে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে রাশিয়ার আন্তর্জাতিক গণমাধ্যম স্পুটনিক ইন্টারন্যাশনালকে বিশেষ সাক্ষাৎকার দেবেন নিতাই রায় চৌধুরী। সেখানে বাংলাদেশের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক সম্পদ, বাংলা নববর্ষসহ বিভিন্ন লোকজ উৎসব, পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি এবং বাংলা সংগীতের বিভিন্ন ধারার কথা তুলে ধরবেন তিনি।

ফোরামের দ্বিতীয় দিন আগামী শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ‘ফোক আর্টিজান ক্র্যাফটওয়ার্ক রিবুটেড’ শীর্ষক অধিবেশনে মূল বক্তব্য দেবেন সংস্কৃতিমন্ত্রী। এতে বাংলাদেশের লোকশিল্প ও ঐতিহ্যবাহী কারুশিল্পের পুনর্জাগরণ, কারুশিল্পীদের ক্ষমতায়ন এবং বিশ্ববাজারে বাংলাদেশের হস্তশিল্পের সম্ভাবনা তুলে ধরবেন তিনি।

আয়োজকদের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেলে ফোরামের প্লেনারি অধিবেশনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিত থাকার কথা রয়েছে।

  • এমএম/এসজাবা