‘৫ কোটি টাকা থেকে আমাকে ২ কোটি দেন, আমি সব সই করে দেব’
লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ঘুষ গ্রহণ ও কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
রোববার প্রায় ৮ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হয়।
ভিডিওটির কিছু অংশে নুরুল আমিনকে বলতে শোনা যায়, ‘এসি স্যার রাজি হয়ে গেছে কোনো একটা কারণে। আমি দুই কোটি টাকা থেকে নড়ব না।
ছয় কোটি টাকা তিনগুণ না, আমি দুই কোটি টাকার কমে নড়ব না। চেয়ারম্যানের কাছে যেতে হলে যাব।
দেখি চেয়ারম্যান কী কয়। একটা বিলের জন্য যদি ২ কোটি টাকা নিই, তাহলে চেয়ারম্যান কি আমার বিরুদ্ধে যাবে? আমাকে জায়গামতো পোস্টিং দেবে।
তিনি আরও বলেন, ‘সোজা হিসাব, ৩ লাখ টাকার ওয়ার্কে মালামাল লাগে ৩০ লাখ টাকা। তাহলে কত কোটি টাকার মাল সে আত্মসাৎ করছে। হিসাব করে দেখা যাবে, ৫ কোটি টাকার মাল সে আত্মসাৎ করেছে। ৫ কোটি টাকা থেকে আমাকে ২ কোটি টাকা দেন, আমি সব সই করে দেব।’
ভিডিওতে কয়েকজন ব্যক্তির কাছ থেকে নগদ টাকা গ্রহণ করতেও তাকে দেখা যায়। তবে ওই ব্যক্তিদের মুখ দেখা যায়নি। তাদের পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওতে তিনি ওই ব্যক্তিদের উদ্দেশে বলেন, ‘এখানে কত?’ জবাবে এক ব্যক্তি বলেন, ‘এখানে ৩৫ স্যার।’ নির্বাহী প্রকৌশলী বলেন, ‘এক লাখ ৩৫।’ ওই ব্যক্তি বলেন, ‘আগে দিয়েছি এক লাখ স্যার।’
এদিকে, ভিডিওটি ঠিক কতদিন আগের, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
- এমএম/এসজাবা