অপরাধীর দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই: আইজিপি
কিশোর অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়ে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন বলেছেন, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজদের কঠোরভাবে আইনের আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে দলীয় পরিচয় বিবেচনার কোনো সুযোগ নেই, অপরাধীর একমাত্র পরিচয় অপরাধীই।
একই সঙ্গে, দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদেরকে যথাযথভাবে বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেন এ কর্মকর্তা।
মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স পুনর্ব্যক্ত করে পুলিশ প্রধান বলেন, মাদকদ্রব্য রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি গুজব ও অপপ্রচার রোধে ব্যবস্থা গ্রহণের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন আইজিপি। তিনি দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদেরকে যথাযথভাবে বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেন।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বলেন, কিশোর গ্যাং সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে। এদের পেছনে কোনো প্রভাবশালী রয়েছে কি না, তা উদঘাটন করে ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে প্রতিটি ইউনিটকে নিজ নিজ নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করতে হবে। পূজাকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার হতে পারে। এ বিষয়ে সজাগ ও সতর্ক থাকতে হবে।
- জাগরণবার্তা -জী.এম.আর-০১১