শাহবাগে কয়েক ঘণ্টা ধরে চলা ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতাদের আহ্বান এবং সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে আন্দোলনকারীরা এ সিদ্ধান্ত নেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে আন্দোলনকারীরা শাহবাগ মোড় ত্যাগ করেন। এরপর ধীরে ধীরে গুরুত্বপূর্ণ এ সড়ক মোড়ে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
ডাকসুর নেতৃবৃন্দ আন্দোলনকারীদের প্রতি জনদুর্ভোগ কমানোর আহ্বান জানান। সেই আহ্বানে সাড়া দিয়ে তারা রাস্তা ছেড়ে দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে শাহবাগ মোড় পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ব্যারিকেড সরিয়ে নেওয়ায় চারদিকের সড়ক দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি আদায়ে ভবিষ্যতে আরও সুসংগঠিত কর্মসূচি দেওয়া হবে। তবে আপাতত জনস্বার্থ বিবেচনায় আজকের কর্মসূচি স্থগিত রাখা হয়েছে।
এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাহবাগ থেকে আন্দোলনকারীদের একাংশ হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।
দুপুরের পর শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা শুরু করেন। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
পরবর্তীতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে যমুনা অভিমুখে যাত্রার ঘোষণা দেন আন্দোলনকারীরা। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তারা যাত্রা শুরু করলে ব্যারিকেড ভাঙার চেষ্টা হয়। পুলিশ বাধা দিলে আবারও জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। ছত্রভঙ্গ হয়ে আন্দোলনকারীরা বাংলামোটর মোড়ে অবস্থানের চেষ্টা করলে সেখানে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
##





