বজ্রপাত প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ১০০ কিলোমিটার সড়কজুড়ে তালবীজ রোপণের এক ব্যতিক্রমী ও মহৎ উদ্যোগ নিয়েছেন তরুণ সিভিল প্রকৌশলী আসিফ ইকবাল চয়ন। সম্পূর্ণ নিজস্ব অর্থায়ন ও স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণদের সহায়তায় এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।
পেশায় সিভিল প্রকৌশলী আসিফ ইকবাল চয়ন ২০২৪ সাল থেকে নিজস্ব অর্থায়নে এই মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগ শুরু করেন। ২০২৪ ও ২০২৫ সালে কলারোয়ার ১২ নম্বর যুগিখালী ইউনিয়নের প্রায় ১৪ কিলোমিটার সড়কে তিনি তালবীজ রোপণ করেছিলেন, যার প্রায় ৭০ শতাংশ বীজ থেকে ইতোমধ্যে চারা গজিয়ে দৃশ্যমান হয়েছে।
এই সাফল্যের ধারাবাহিকতায় ২০২৬ সালে আসিফ ইকবাল চয়ন এক দূরদর্শী মহাপরিকল্পনা হাতে নিয়েছেন। পরিকল্পনার অধীনে আগামী ৬ বছরের মধ্যে সমগ্র কলারোয়া উপজেলার বিভিন্ন প্রধান ও আঞ্চলিক সড়কের ১০০ কিলোমিটারজুড়ে ধারাবাহিকভাবে তালের আটি/বীজ রোপণ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে উপজেলার জয়নগর, সোনাবাড়িয়া, কুশোডাঙ্গা এবং দেয়াড়া ইউনিয়নের বিভিন্ন সড়কে তালের বীজ রোপণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
আসিফ ইকবাল চয়ন জানান, “উচ্চ ভবনে বজ্রপাত প্রতিরোধে যেমন প্রকৌশলগত ‘লাইটিং অ্যারেস্টার’ ব্যবহার করা হয়, ঠিক তেমনি প্রাকৃতিক উপায়ে বজ্রপাতের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে তালগাছ একটি অত্যন্ত কার্যকরী মাধ্যম। গ্রামীণ জনপদে বজ্রপাতে প্রতিবছর বহু মানুষ ও গবাদিপশুর অকাল মৃত্যু ঘটে। প্রকৃতিপ্রদত্ত এই প্রাকৃতিক প্রতিরোধক গড়ে তুলে আমরা সাধারণ মানুষের পাশাপাশি গবাদিপশুর জীবন রক্ষা করতে চাই।”
তিনি আরও জানান, স্থানীয় শুভাকাঙ্ক্ষী, প্রবাসীরা এমনকি দূরদূরান্তের গ্রামবাসী তাঁকে বিনামূল্যে হাজার হাজার তালের বীজ উপহার দিয়ে উৎসাহিত করছেন। প্রতিদিনের এই কাজে স্থানীয় ভ্যানচালক ও মেহনতি শ্রমিকদের পাশাপাশি বিপুল সংখ্যক যুবসমাজ স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করছেন। তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে দূরে রেখে সামাজিক ও পরিবেশমূলক কাজে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি।
বজ্রপাতের বিপর্যয় রোধ এবং পরিবেশের সুষম সুরক্ষায় ব্যক্তিগত উদ্যোগে নেওয়া আসিফ ইকবাল চয়নের এই দীর্ঘমেয়াদী মহৎ প্রয়াস এলাকায় ব্যাপক প্রশংসিত ও প্রশংসার দাবিদার হয়েছে!
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আরিফুল ইসলাম – সাতক্ষীরার কলারোয়ায় বজ্রপাত প্রতিরোধে রাস্তার পাশে তালগাছ ও তালের বীজ রোপণের সামাজিক উদ্যোগকে প্রশংসনীয় ও মহতী কাজ হিসেবে আখ্যায়িত করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় সূত্রে এ উদ্যোগের বিষয়টি তাঁর নজরে আসে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আসিফ ইকবাল চয়ন নামের এক ব্যক্তি তার অনুসারী ও বন্ধুদের সঙ্গে নিয়ে কলারোয়ার বিভিন্ন রাস্তাঘাটে বজ্রপাত প্রতিরোধের উদ্দেশ্যে তালগাছের বীজ ও চারা রোপণ করছেন।
ইউএনও আরও জানান, এ কর্মসূচি শুরু করার আগেই আসিফ ইকবাল চয়ন উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অবহিত করেছিলেন। প্রশাসনের পক্ষ থেকে তাঁদের সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এই ধরনের মহতী ও সামাজিক কল্যাণমূলক কাজে উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।





