২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ বুধবার (৫ আগস্ট) উদ্বোধন হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির উদ্বোধন করবেন। এরই মধ্যে তিনি অনুষ্ঠানস্থলে হাজির হয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকে জাদুঘরটির আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এতদিন বন্ধ থাকলেও আজ সকাল থেকে জাদুঘরের প্রবেশপথ খুলে দেওয়া হয়।
উদ্বোধনের দিন জাদুঘরটি শুধু জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত রাখা হবে।
সাধারণ দর্শনার্থীরা আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে অনলাইনে আবেদন করে জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবেন। গত ৪ আগস্ট এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা নিতাই রায় চৌধুরী এসব তথ্য জানান।
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের ইতিহাস, শহীদ ও আহতদের আত্মত্যাগ, গুরুত্বপূর্ণ দলিল, আলোকচিত্র, ভিডিওচিত্র এবং বিভিন্ন স্মারক সংরক্ষণ করা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং দীর্ঘ ১৭ বছরের শাসনের অবসান হয়। সেই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস তুলে ধরার লক্ষ্যেই জাদুঘরটি নির্মাণ করা হয়েছে।
জাদুঘরটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয় তৎকালীন অন্তর্বর্তী সরকারের সময়। পরে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর অবশিষ্ট কাজ শেষ করে উদ্বোধনের জন্য প্রস্তুত করা হয়। জাদুঘরটি উদ্বোধনের জন্য গত কয়েক মাস ধরে বিভিন্ন রাজনৈতিক সংগঠন দাবি জানিয়ে আসছিল।
শিশু-বয়স্কদের জন্য টিকিটের দাম থাকছে ভিন্ন
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন আজ বুধবার (৫ আগস্ট)। সকাল ৯টায় জাদুঘরটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দিন আগামীকাল থেকে টিকিট কেটে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা।
জাদুঘরে শিশু ও বয়স্কদের জন্য টিকিটের আলাদা মূল্য নির্ধারণ করা হয়েছে। শিশুরা ২৫ এবং প্রাপ্তবয়স্করা ৫০ টাকার টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে পারবেন। সংশ্লিষ্টরা বলছেন, এটি লাখো মানুষের প্রতিরোধ, ত্যাগ ও সংগ্রামের এক জীবন্ত স্মারক।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান। সংস্কৃতিমন্ত্রী বলেন, বুধবার সকাল ৯টায় জুলাই জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে শহীদ পরিবারের সদস্যদের জন্য তা উন্মুক্ত করে দেয়া হবে।
জাদুঘরে জুলাই গণ-অভ্যুত্থানের আলোকচিত্র, ভিডিও, দলিল-দস্তাবেজ, শহীদদের স্মৃতিচিহ্ন ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য সংরক্ষণ করে রাখা হয়েছে।শিক্ষার্থী, গবেষক ও ইতিহাস-আগ্রহীদের জন্য বিশেষ কর্মসূচি, গাইডেড ট্যুর ও অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থাও রাখা হচ্ছে বলে জানা গেছে।
ছাত্র-জনতার তীব্র আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। এতে শেখ হাসিনা সরকারের দীর্ঘ ১৭ বছরের শাসনের অবসান ঘটে। সেদিন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের দখল নেন ছাত্র-জনতা।
সেই গণভবনকে পরে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অবশেষে আগস্ট মাসেই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে উদ্বোধন হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর।
সংশ্লিষ্টরা জানিয়েছন, স্থাপনাটি দর্শনার্থীদের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জানান, জাদুঘরের উদ্বোধন করতে প্রধানমন্ত্রী ৯টায় আসবেন। ৯টা ৫ মিনিটে তিনি নামফলক উদ্বোধন করবেন।
এমএম/এসজা






