নতুন করে নিয়োগ পাওয়া ১৪ হাজারের বেশি সহকারী শিক্ষকের আগামী ৪ অক্টোবরের মধ্যে পদায়নের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একইসঙ্গে পদায়নে জটিলতা এড়াতে সাময়িকভাবে সব ধরনের সহকারী শিক্ষক বদলি কার্যক্রম স্থগিত রাখার উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর মধ্য হতে চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষকদের আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদানকরণ এবং ৪ অক্টোবরের মধ্যে পদায়নের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে (কপি সংযুক্ত)। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫-এর ৭(২)(ক) অনুযায়ী সহকারী শিক্ষক নিয়োগ উপজেলা ও ক্ষেত্রমত, থানাভিত্তিক হবে।
এতে বলা হয় গত ২১ জুনের প্রজ্ঞাপনের আলোকে বদলি কার্যক্রম চলমান থাকায় কতিপয় উপজেলা/ থানায় নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকের পদায়নের জন্য সমপরিমান পদ শূন্য নেই। ফলে নবনিয়োগ প্রাপ্ত শিক্ষকগনের পদায়নের পূর্বে বদলি কার্যক্রম চলমান থাকলে তাদের পদায়নে জটিলতা সৃষ্টি হতে পারে বিধায় সকল পর্যায়ের সহকারী শিক্ষক বদলি কার্যক্রম আপাতত স্থগিত রাখা প্রয়োজন।
এতে আরও বলা হয়, ৮ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত সকল পর্যায়ে গঠিত কমিটির মাধ্যমে সহকারী শিক্ষক বদলি কার্যক্রম স্থগিত রাখার বিষয়ে নির্দেশনার জন্য অনুরোধ করা হলো।






