ঔষধি উদ্ভিদ প্ল্যানটেইন ব্যবহার ২০ বছরের গবেষণায় নিরাপদ ও অধিক পুষ্টির ব্রয়লোর মাংস উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকবৃন্দ।
প্রায় দুই দশকের ধারাবাহিক গবেষণায় প্ল্যানটেইনের অ্যান্টিঅক্সিডেন্ট ও ঔষধি বৈশিষ্ট্য কাজে লাগিয়ে ‘বাউ-প্লান্টিভ’ নামে একটি ফাইটোজেনিক ফিড অ্যাডিটিভ তৈরি করেছেন তারা। একই সঙ্গে আমদানি-নির্ভরতা কমিয়ে দেশে প্ল্যানটেইনের বীজ উৎপাদন, চাষ, প্রক্রিয়াজাতকরণ ও খামারে ব্যবহারের সম্ভাব্য একটি দেশীয় ভ্যালু চেইন গড়ে তোলার ভিত্তি তৈরি করেছেন এই গবেষকরা।
গবেষণাটির নেতৃত্ব দিচ্ছেন প্রকল্প পরিচালক ও বাকৃবির এনিমেল নিউট্রিশন বিভাগের ড. মোহাম্মদ আল-মামুন। সহযোগী গবেষক হিসেবে রয়েছেন উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. তামান্না হক। গবেষণায় স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরাও যুক্ত রয়েছেন। বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস (বিএএস)-ইউএসডিএ অর্থায়নে ‘সাসটেইনেবল কমার্শিয়ালাইজেশন অব প্ল্যানটেইন অ্যান্ড সিড ভ্যালু চেইন ডেভেলপমেন্ট ফর সেফ অ্যান্ড ফাংশনাল ব্রয়লার মিট প্রোডাকশন’ প্রকল্পের আওতায় গবেষণাটি পরিচালিত হয়েছে।
ড. মোহাম্মদ আল-মামুন বলেন,“আমাদের প্রধান লক্ষ্য হলো প্রাকৃতিকভাবে নিরাপদ ও পুষ্টিগুণসম্পন্ন পোল্ট্রি মাংস উৎপাদন করা। প্রচলিত ব্রয়লার উৎপাদনে ব্যবহৃত কৃত্রিম মেডিসিন, ভিটামিন ও গ্রোথ প্রমোটরের বিকল্প হিসেবে আমরা প্ল্যানটেইন নিয়ে গবেষণা করছি। আমাদের লক্ষ্য শুধু ‘বাউ-প্লান্টিভ’ বাজারে আনার পাশাপাশি প্ল্যানটেইন থেকে বীজ, বীজ থেকে ফিড, ফিড থেকে কার্যকরী মাংস এবং গবেষণা থেকে একটি টেকসই বাংলাদেশভিত্তিক বাণিজ্যিক সিড-টু-মিট ভ্যালু চেইন তৈরি করা।”
- এমএম/এসজাবা






