দেশের সব এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত, মোবাইল কোর্ট ও জেনারেল সার্টিফিকেট আদালতের কার্যক্রম অনলাইনভিত্তিক করার লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী এটুআই ‘ই-কোর্ট’ফ্রেমওয়ার্ক তৈরি করেছে। বর্তমানে এর কার্যক্রম সারা দেশে অব্যাহত রয়েছে। ইতিমধ্যে দেশের ২৯টি জেলায় ই-জেনারেল সার্টিফিকেট আদালতের লাইভ কার্যক্রম চালু হয়েছে। পাশাপাশি দেশের সব জেলায় ই-মোবাইল কোর্ট চালু রয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ এটুআইয়ের সহায়তায় এবং কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজারে ই-মোবাইল কোর্টবিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন এটুআইয়ের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আনোয়ার উদ্দিন। স্বাগত বক্তব্য দেন কক্সবাজারের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: আঃ মান্নান।
কর্মশালায় ই-কোর্ট ফ্রেমওয়ার্কের সেবাসমূহ ত্বরান্বিত করার বিষয়ে দিকনির্দেশনা দেন মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগের যুগ্মসচিব মোহাম্মদ খোরশেদ আলম খান। এটুআইয়ের ন্যাশনাল কনসালটেন্ট (ই-কোর্ট) ও উপসচিব মোছাঃ খালেদা খাতুন রেখা কর্মশালার করণীয় বিষয়াদি নিয়ে আলোকপাত করেন। মোবাইল কোর্টের অর্থদণ্ড, জরিমানার সার ও জরিমানার রেকর্ড নিয়ে আলোচনা করেন মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি অধিশাখার যুগ্মসচিব তানভীর আহমেদ।
কর্মসূচিতে অংশ নেন জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজারের কর্মকর্তা ও কর্মচারীরা, কক্সবাজার জেলার সরকারি কৌসুলিরা এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রসিকিউটররা। কর্মশালায় পাওয়া মতামত ও পরামর্শ পরবর্তী সময়ে ই-কোর্ট সিস্টেমের কার্যপদ্ধতিকে আরও সমৃদ্ধ, গতিশীল ও ব্যবহারবান্ধব করতে সহায়তা করবে।
- জাগরণবার্তা -জী.এম.আর-০১১






